
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি জানান, এই অচলাবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল এখন পাকিস্তান ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, দীর্ঘ আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। তার ভাষায়, ‘আমরা ২১ ঘণ্টা ধরে কথা বলেছি, কিছু গঠনমূলক আলোচনা হয়েছে, এটিই ভালো দিক। কিন্তু বাস্তবতা হলো, আমরা এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।’
পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দিনে গড়ানো এই সংলাপ নিয়ে তিনি দেশটির নেতৃত্বের প্রশংসাও করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভ্যান্স বলেন, ‘আলোচনায় কোনো ত্রুটি থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়। তারা অসাধারণভাবে দায়িত্ব পালন করেছে।’
সংবাদ সম্মেলনের সময় ভ্যান্সের পেছনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের অন্য সদস্যরা, যার মধ্যে ছিলেন প্রেসিডেন্টের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তাদের উপস্থিতিই স্পষ্ট করে, এই আলোচনাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছিল ওয়াশিংটন।