
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা থামাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপ চলার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, এই সংঘাতে ফল যাই আসুক না কেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জয়ী। তার এই বক্তব্য নতুন করে আলোচনায় উত্তাপ ছড়াচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) ওয়াশিংটন থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ‘ইসলামাবাদে যা-ই ঘটুক, আমরা জিতেছি। চুক্তি হবে কি হবে না, সেটা আমার কাছে বড় বিষয় নয়।’ তার কথায়, ইরানকে পরাজিত করাই ছিল যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ হয়েছে বলেই তিনি মনে করেন।
এদিকে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইসলামাবাদে শুরু হওয়া সংলাপে মুখোমুখি হয়েছে দুই দেশের প্রতিনিধিদল। মার্কিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। টানা প্রায় ২০ ঘণ্টা ধরে চলা এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল।
ট্রাম্পের ভাষায়, ‘এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেয়। তারা চুক্তিতে আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে বলছি, আমরা জিতবই।’ তার এই আত্মবিশ্বাসী মন্তব্যের বিপরীতে সংলাপের ফল কী দাঁড়ায়, সেটিই এখন বিশ্বরাজনীতির প্রধান আলোচ্য হয়ে উঠেছে।