
যুক্তরাষ্ট্রের নৌচাপ সত্ত্বেও তেল রপ্তানি কার্যক্রম থামাচ্ছে না ইরান—এমন ইঙ্গিতই মিলেছে সাম্প্রতিক এক বিশ্লেষণে। সামুদ্রিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ট্যাঙ্কারট্র্যাকার্স জানিয়েছে, দেশটি তাদের বিভিন্ন রপ্তানি টার্মিনালে প্রায় ৪ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই হিসাব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এতে তেলবাহী জাহাজের চলাচল এবং বন্দর এলাকায় তৎপরতা পর্যবেক্ষণ করে এ চিত্র পাওয়া গেছে, যা ইরানের চলমান রপ্তানি কার্যক্রমের একটি স্পষ্ট ধারণা দেয়।
ট্যাঙ্কারট্র্যাকার্স আরও উল্লেখ করেছে, বিপুল পরিমাণ তেল লোডের ফলে ইরান সাময়িকভাবে অতিরিক্ত সংরক্ষণ সক্ষমতা অর্জন করছে। এর ফলে রপ্তানি ব্যবস্থার ওপর তাৎক্ষণিক চাপ কিছুটা কমে আসছে এবং দেশটি বিকল্প উপায়ে তেল সরবরাহ অব্যাহত রাখার সুযোগ পাচ্ছে।
এই তথ্য এমন এক সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতে এবং আঞ্চলিক জলসীমায় নজরদারি জোরদারে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। তবে সর্বশেষ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, এসব চাপের মধ্যেও তেহরান তাদের জ্বালানি রপ্তানির ধারা সচল রাখার কৌশল অব্যাহত রেখেছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই