
লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে নতুন ধরনের ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির এই প্রযুক্তিনির্ভর ড্রোন যুদ্ধক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ছোট আকারের এসব ড্রোন তুলনামূলক কম খরচে তৈরি করা সম্ভব হলেও এগুলো শনাক্ত ও প্রতিহত করা বেশ কঠিন। কারণ সাধারণ ড্রোনের মতো বেতার সংকেতের ওপর নির্ভর না করে এগুলো সরাসরি ফাইবার অপটিক তারের মাধ্যমে পরিচালিত হয়। ফলে প্রচলিত সিগন্যাল জ্যামিং ব্যবস্থায় এগুলো অকার্যকর করা যায় না।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ইসরায়েলি সামরিক সূত্র জানায়, ড্রোনগুলো অপারেটরের সঙ্গে তারের মাধ্যমে সংযুক্ত থাকায় নিয়ন্ত্রণ আরও নির্ভুল হয়। এতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও বাড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ড্রোনের সঙ্গে যুক্ত তার প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ফলে নিরাপদ দূরত্বে অবস্থান করেই হামলা পরিচালনা করতে পারছেন চালকেরা।
আরেকটি সূত্রের দাবি, হিজবুল্লাহ এসব ড্রোনে শক্তিশালী বিস্ফোরকও সংযুক্ত করছে। এতে সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই প্রযুক্তিনির্ভর হামলা মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা খুঁজে বের করার চেষ্টা চলছে। বর্তমানে বিষয়টি নিয়ে সামরিক পর্যায়ে মূল্যায়ন ও কৌশলগত পর্যালোচনা চলছে বলে জানা গেছে।