
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (২ মে) লেবাননের হাব্বুশ এলাকায় এই হামলা চালানো হয়। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই মাস ধরে চলমান ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ।
অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। শনিবার (২ মে) থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা আত্মঘাতী ড্রোন ও কামানের গোলাবর্ষণের মাধ্যমে হামলা চালিয়েছে।
এদিকে চলমান সংঘাত নিরসনে ইরান একটি ১৪ দফা প্রস্তাব উত্থাপন করেছে, যেখানে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছে।