
আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফর ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য কর্মসূচির স্থান পরিদর্শন ও প্রস্তুতি শুরু করেছেন জেলা বিএনপির নেতারা।
শনিবার (২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
দলীয় সূত্রে জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন। এছাড়া সুধী সমাবেশ ও জনসভায় অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে।
সফরকে সামনে রেখে শনিবার জেলা বিএনপির নেতাদের নিয়ে সম্ভাব্য ভেন্যুগুলো ঘুরে দেখেন শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় চাঁদপুর সরকারি কলেজ, পৌর অডিটোরিয়ামসহ কয়েকটি স্থান পরিদর্শন করা হয়।
এর আগে শুক্রবার সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় সম্ভাব্য খাল পুনঃখনন কার্যক্রমের স্থান ঘুরে দেখেন স্থানীয় নেতারা। জানা গেছে, ওই খালের পুনঃখনন কাজের উদ্বোধনে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকতে পারেন।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, সফরকে কেন্দ্র করে জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সমন্বয়ের কাজ চলছে।