
মধ্যপ্রাচ্যের আকাশপথে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশিরভাগই পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান।
উড়োজাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, গত শনিবার ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে একাধিক মার্কিন সামরিক উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।
এই ফ্লাইটগুলোর বড় অংশ ছিল সি-১৭এ গ্লোবমাস্টার-৩ মডেলের সামরিক কার্গো বিমান, যেগুলো ভারী সামরিক সরঞ্জাম এবং সেনাসদস্য পরিবহনে ব্যবহৃত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১২টি পরিবহন উড়োজাহাজ ওই সময় মধ্যপ্রাচ্যের দিকে গেছে, যার মধ্যে কয়েকটি জার্মানি থেকে উড্ডয়ন করে।
এর পাশাপাশি বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটো ট্যাঙ্কার নামের আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও ওই অঞ্চলের দিকে যেতে দেখা গেছে। ইসরায়েল এবং আশপাশের এলাকায় অন্তত চারটি এমন ট্যাঙ্কার সক্রিয় রয়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।