
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের পর এবার আগ্রহ দেখিয়েছে তুরস্ক।
রোববার (৩ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম-এর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। এ সময় তিনি তুরস্কের কোম্পানি চেলেবি এভিয়েশন হোল্ডিং-এর আগ্রহের কথা জানান।
সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়নে তুরস্কের সহযোগিতা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে তাদের দেশের আগ্রহের কথা জানান।