
তামিলনাড়ুতে মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও অভিনেতা সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার সীমার ভেতরে থাকা দোকানগুলো সরিয়ে ফেলা হবে।
সরকারি তথ্য অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশনের (টাসম্যাক) অধীনে রাজ্যে মোট প্রায় ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে শত শত দোকান সংবেদনশীল এলাকায় অবস্থিত বলে চিহ্নিত করা হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষণে বলা হচ্ছে, রাজ্যের মদনীতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল এবং বিভিন্ন পক্ষ দোকান সংখ্যা কমানোর দাবি জানিয়ে আসছিল। নতুন সরকারের এই সিদ্ধান্তকে সেই নীতিগত পরিবর্তনের প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে টাসম্যাককে কেন্দ্র করে আর্থিক অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগসহ একাধিক তদন্ত ও অভিযান চালানো হয়েছিল। এসব ঘটনায় প্রশাসনিক চাপ ও রাজনৈতিক বিতর্কও তৈরি হয়।
নতুন সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যে ধাপে ধাপে মদ বিক্রির নিয়ন্ত্রণ ও সামাজিক প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।