
ইউরোপ ও পশ্চিম এশিয়ার পাঁচ দেশ সফরের অংশ হিসেবে এবার নেদারল্যান্ডসে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতের সংক্ষিপ্ত সফর শেষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (১৫ মে) তিনি ডাচ ভূমিতে পৌঁছান। ২০১৭ সালের পর আমস্টারডামে এটিই তাঁর দ্বিতীয় সফর। দুই দেশের দ্বিপাক্ষিক কূটনীতির ক্ষেত্রে বর্তমান সময়টিকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছেন কূটনৈতিক মহল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি সূচি অনুযায়ী, ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত নেদারল্যান্ডসে অবস্থান করবেন মোদি। এই সফরকালে তিনি ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হবেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, উন্নত প্রযুক্তি, প্রতিরক্ষা খাত এবং নবায়নযোগ্য জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতা আরও জোরদার করাই এই বৈঠকের প্রধান লক্ষ্য।
নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে, সংযুক্ত আরব আমিরাতে প্রায় আড়াই ঘণ্টার এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন ভারতের প্রধানমন্ত্রী। আবুধাবিতে কাটানো এই স্বল্প সময়ে তিনি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকে অংশ নেন।
ডাচ সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার এবং রানি ম্যাক্সিমার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদি।
এ ছাড়া, নেদারল্যান্ডসে বসবাসরত প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের (কমিউনিটি) উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখবেন তিনি। পাশাপাশি ডাচ বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তাঁর একটি মতবিনিময় সভার কথা রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মোদির এই সফরের কার্যসূচি অত্যন্ত ‘সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ’। দুই দেশের দীর্ঘদিনের ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে যে কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, এই সফরের মধ্য দিয়ে তা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।