
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে তেহরানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কৌশলগত জলপথকে ইরান কখনোই নিজের স্বার্থে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহারের সুযোগ পাবে না উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক যাতায়াতের জন্য সবসময় উন্মুক্ত রাখা হবে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক বাজারে এই প্রণালির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে। আমরা নিশ্চিত করব, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে এবং বিশ্বে স্থিতিশীলতা বজায় থাকে।’
ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্যে এশিয়ার পরাশক্তি চীনের প্রসঙ্গও টেনে আনেন। তিনি উল্লেখ করেন, চীনের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশই এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরশীল। একই সঙ্গে অতীত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তেহরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের রাজনীতির অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
তাঁর ভাষায়, ‘ইরান অতীতেও হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং এটিকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।‘
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ওয়াশিংটন যে তেহরানের কোনো ব্ল্যাকমেইল বা চাপ সহ্য করবে না, তা পুনর্ব্যক্ত করে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ‘তেহরান আমার বিরুদ্ধে হরমুজ প্রণালিকে কোনোভাবেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই