
সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে ইরানি জনগণের জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, চুক্তির অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং জব্দ থাকা ৬০০ কোটি ডলারের তহবিল কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন পেজেশকিয়ান। তিনি জানান, কাতারে সংরক্ষিত ইরানের মোট ১২ বিলিয়ন ডলারের তহবিলের মধ্যে এই ৬০০ কোটি ডলার একটি অংশ। বাকি অর্থ দেশে ফেরানোর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রমও চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
যুদ্ধ চলাকালে ইরানি জনগণের ভূমিকার প্রশংসা করে প্রেসিডেন্ট বলেন, নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডার, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং এমনকি স্কুলশিক্ষার্থীদের হত্যার ঘটনাও দেশটির জনগণের মনোবল ভাঙতে পারেনি। তার ভাষ্য, জাতি, সশস্ত্র বাহিনী ও সরকার একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছে।
পেজেশকিয়ানের অভিযোগ, ইরানকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিভিন্ন চেষ্টা চালালেও সেগুলো ব্যর্থ হয়েছে জনগণের ঐক্য ও প্রতিরোধের কারণে।
ইরানের প্রেসিডেন্ট আরও দাবি করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে নিতে বাধ্য করেছে।