
গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরাইল ৩ হাজার ৪৬৫ বার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। তাদের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলি বাহিনীর হামলা ও সামরিক তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৩ হাজার ৩৮০ জন।
সংস্থাটি আরও অভিযোগ করেছে, মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও যুদ্ধবিরতি চুক্তির শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত চুক্তি অনুযায়ী গাজায় ১ লাখ ৫৬ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৫৫ হাজার ৫৩৯টি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস ইসরাইলের বিরুদ্ধে গাজায় ‘পরিকল্পিত গণবিনাশের নীতি’ অনুসরণের অভিযোগ তোলে। একই সঙ্গে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ ও পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারা বলে, স্বাক্ষরিত চুক্তির সব শর্ত বাস্তবায়নে ইসরাইলকে বাধ্য করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ৭৩ হাজার ৪৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪১৭ জনে।