
ইরানকে ঘিরে চলমান মার্কিন সামরিক অভিযানে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় ইউরোপীয় ন্যাটো মিত্রদের বিরুদ্ধে ফের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ন্যাটোভুক্ত কয়েকটি ইউরোপীয় দেশের ভূমিকার কড়া সমালোচনা করেন।
পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়ের তুলনা তুলে ধরে দাবি করেন, ন্যাটো জোটে ওয়াশিংটনের অবদান অন্য সদস্যদের তুলনায় অনেক বেশি। বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ মিত্রদের উল্লেখ করে তিনি যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক দায়ভারকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।
ইউরোপীয় মিত্রদের উদ্দেশে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প লেখেন, “তারা আমাদের পাশে ছিল না!!!”
ট্রাম্পের প্রকাশ করা প্রতিরক্ষা ব্যয়ের তথ্য মূলত সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব সামরিক খাতে ব্যয়ের হিসাবের ওপর ভিত্তি করে তৈরি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য ২০১৫ সালের ন্যাটোর আনুষ্ঠানিক ব্যয়ের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখেছে। কয়েকটি সামান্য অমিল থাকলেও সামগ্রিকভাবে ট্রাম্পের উল্লেখ করা সংখ্যাগুলো ন্যাটোর তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আগে ট্রাম্পের এমন প্রকাশ্য সমালোচনা ও সতর্কবার্তাকে জোটের অভ্যন্তরীণ মতপার্থক্যের নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ব্যয় ও সামরিক দায়িত্ব বণ্টন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন সাম্প্রতিক পরিস্থিতিতে আরও স্পষ্ট হয়ে উঠেছে।