
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর খাদে একটি যাত্রীবাহী বাস পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী সংস্থাগুলো অভিযান শুরু করে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠায়।
শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী শেরানি-ঝোব মহাসড়কের দানাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টারের (এমইআরসি) তথ্য অনুযায়ী, কোয়েটা থেকে পেশাওয়ারগামী নিউ মেখতার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আটজনকে ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
উদ্ধার অভিযানে ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন জরুরি চিকিৎসাকর্মী এবং ১০টি হালকা উদ্ধারযান অংশ নেয়। দুর্ঘটনার খবর পেয়ে শেরানি জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকর্মীরাও এতে অংশ নেন।
শেরানির ডেপুটি কমিশনার হাজরত ওয়ালি কাকার জানান, আহতদের আশপাশের হাসপাতালে পাঠানো হচ্ছে এবং নিহতদের মরদেহ উদ্ধারের কাজও চলমান রয়েছে।
তিনি বলেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের অতিরিক্ত যাত্রীরা এতে ওঠায় যাত্রীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেড়ে যায়।
আহতদের চিকিৎসা নিশ্চিত করতে শেরানি ও ডেরা ইসমাইল খান জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ জটিল হলেও রেসকিউ ১১২২, ফ্রন্টিয়ার কর্পস, পুলিশ, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।