
বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১২ জুলাই) স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বিশাখাপত্তনমের গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়। তবে কম্পনের তীব্রতা কম হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।
ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে এবং এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি কিংবা অন্য কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।