
ওমানের ভূখণ্ডে ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুসা ফেরেইদুনকে তলব করেছে ওমান সরকার। বৈঠকে তার হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে এটিই প্রথমবার, যখন কোনো ইরানি রাষ্ট্রদূতকে এভাবে তলব করল ওমান।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, মুসানদাম ও আল বাতিনাহ গভর্নরেটে ইরানি ড্রোন হামলার অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈঠকে ওমানের কর্মকর্তারা এসব কর্মকাণ্ডকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের সম্পর্ক বজায় রাখতে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, প্রতিবেশীসুলভ আচরণ, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং উভয় দেশের জনগণের প্রচলিত নৈতিক মূল্যবোধ ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
ওমানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সম্মানের স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া প্রয়োজন।
এদিকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
দূতাবাসের বিবৃতিতে দুক্ম ও মুসানদাম এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, “আপনি যদি দুক্ম বা মুসানদামে অবস্থান করেন, তাহলে সম্ভব হলে আপনার বাসা, হোটেল বা অন্যকোনো নিরাপদ ভবনের ভেতরে থাকুন। কক্ষের জানালা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন”।