
ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন আহত হওয়ার পাশাপাশি বিমানবন্দরের বৈদ্যুতিক অবকাঠামো ও একটি জ্বালানি ট্যাংকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) ভোরে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ইরানশাহর বিমানবন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর বিমানবন্দর এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
এদিকে, ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বন্দর খামিরের কাছাকাছি কয়েকটি সেতুতেও হামলা হয়েছে। পাশাপাশি বন্দর আব্বাস, বুশেহর, কেশম দ্বীপ, সিরিক এবং আহভাজে বিস্ফোরণ ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে তেহরান।