
আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন বিধিমালার মাধ্যমে দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল করে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক অবস্থানের নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এ-সংক্রান্ত নতুন বিধিমালা প্রকাশ করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারীরা সাধারণভাবে সর্বোচ্চ চার বছর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন। অন্যদিকে বিদেশি সাংবাদিকরা একবারে সর্বোচ্চ ২৪০ দিন অবস্থান করতে পারবেন। তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯০ দিন।
নির্ধারিত সময়ের পর যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে হবে। অন্যথায় দেশ ত্যাগ করে নতুন করে ভিসা নিয়ে পুনরায় প্রবেশ করতে হবে।
ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর নতুন বিধিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে কংগ্রেসে এটি পর্যালোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।
বিশ্লেষকদের মতে, নতুন এ নীতির প্রভাব আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে পড়তে পারে।
ডিএইচএস জানিয়েছে, গত বছরে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থীকে কার্যকরভাবে পর্যবেক্ষণ করতেই এই নীতিগত পরিবর্তন আনা হচ্ছে বলে দাবি সংস্থাটির।
তবে অভিবাসন আইনজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এ নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতার সুযোগ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।