
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। এতে আগের দিনের মূল্যপতন পুরোপুরি কাটিয়ে উঠেছে বাজার।
চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ব্রেন্টের দাম টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআইয়ের দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী থাকার পথে রয়েছে।
তেলের বাজারে এই ঊর্ধ্বগতির প্রভাব শেয়ারবাজারেও দেখা গেছে। শুক্রবার সকালে এশিয়ার কয়েকটি দেশের পুঁজিবাজারে লেনদেন নিম্নমুখী ছিল। জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ দিনের শুরুতেই ৩ শতাংশের বেশি দরপতনের মুখে পড়ে।
এদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তবে হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র স্বীকার করেনি। এছাড়া হামলার কারণ কিংবা নিহতদের পরিচয় সম্পর্কেও এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।