
ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা ধর্মীয় ও স্মৃতিসৌধ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির সমাধিস্থল বা স্মৃতিসৌধের মূল অংশের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, কমপ্লেক্সের ভেতরে চলমান একটি নির্মাণ প্রকল্পে আগুনের সূত্রপাত হয়। ওই স্থানে শ্রমিকরা বিটুমিন প্রক্রিয়াজাতকরণের কাজ করছিলেন। আগুন লাগার পরপরই ঘন কালো ধোঁয়ায় তীর্থস্থানটির একটি অংশ ঢেকে যায়।
খবর পেয়ে জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আলি খামেনির সমাধিস্থল কিংবা স্মৃতিসৌধের মূল অংশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, গত ৯ জুন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিকে মাশহাদের এই ইমাম রেজা ধর্মীয় ও স্মৃতিসৌধ কমপ্লেক্সে সমাহিত করা হয়।