
ইরানের বিরুদ্ধে টানা নবম দিনের মতো সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ হামলায় দেশটির দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর প্রদেশের খোরমোজ এলাকায় মার্কিন হামলার পর দাশতি কাউন্টির প্রশাসনিক কেন্দ্রের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
একই সময়ে মার্কিন বাহিনীর হামলায় দক্ষিণ উপকূলীয় সিরিক, জাস্ক, চাবাহার এবং উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত দুই দিনে তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর ওয়াশিংটন হামলার তীব্রতা আরও বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ অভিযানের লক্ষ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক এবং বুশেহর প্রদেশের খোরমোজ এলাকার কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আইআরআইবির তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছেও অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি বলেন, সর্বশেষ মার্কিন হামলার মূল লক্ষ্য ছিল আবারও ইরানের দক্ষিণ উপকূল। তার ভাষ্য, তাবরিজে বিস্ফোরণের খবর নিশ্চিত হলে সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর এই প্রথম উত্তর-পশ্চিমাঞ্চলের শহরটি হামলার মুখে পড়ল।
এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে লোরেস্তান প্রদেশ থেকে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এর আগে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এক মাস আগে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে যায়।