
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত কখন শেষ হবে, সে বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার ভাষ্য, যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবে শক্ত অবস্থান নিশ্চিত হওয়ার পরই তেহরান সংঘাতের অবসান ও আলোচনার পথে এগোবে।
রোববার (১৯ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
আরাগচি বলেন, যেকোনো সংঘাত ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে যুদ্ধ থামিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। তবে সেই সিদ্ধান্ত তখনই কার্যকর হতে পারে, যখন সামরিক ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও কৌশলগত সুবিধা অর্জিত হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘একটি যুদ্ধের সমাপ্তি সাধারণত দুইভাবে আসে। হয় পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে, নয়তো আলোচনার মাধ্যমে। তবে আলোচনার উপযুক্ত সময় তখনই আসে, যখন যুদ্ধক্ষেত্রে একটি দৃঢ় কৌশলগত অবস্থান নিশ্চিত করা যায়।’
তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই সংঘাতসংক্রান্ত প্রতিটি পদক্ষেপ বাস্তব পরিস্থিতি ও সুস্পষ্ট হিসাব-নিকাশের ভিত্তিতেই নির্ধারণ করতে হয়।
আরাগচি আরও বলেন, যুদ্ধ চালিয়ে গেলে অর্জন ও ক্ষতির ভারসাম্য রাজনৈতিক নেতৃত্বকে সবসময় বিবেচনায় রাখতে হয়। কিছু ক্ষয়ক্ষতি মেনে নিতে হলেও এই সংঘাতের মাধ্যমে ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি শক্তিশালী পক্ষ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে এবং দেশের সামরিক সক্ষমতাও বিশ্ববাসীর সামনে প্রদর্শন করেছে বলে দাবি করেন তিনি।