
উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার অভিযানে যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও এক সেনাসদস্য। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোনটি নিষ্ক্রিয় করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।
রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৮ জুলাই উত্তর ইরাকে অভিযানের সময় ভূপাতিত একটি ইরানি ড্রোন নিরাপদ করার চেষ্টা চলছিল। এ সময় সেটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই এক সেনা নিহত হন এবং আরেকজন আহত হন। তবে নিরাপত্তাজনিত কারণে নিহত সেনার পরিচয় প্রকাশ করা হয়নি।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১৭ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাতের এই ধাপ শুরু হয়।
এর আগে শুক্রবার জর্ডানে ইরানি হামলায় আরও দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। রোববার সেন্টকম জানায়, ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেটির পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা চলছে।
এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা এবং গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি কার্যকর না থাকায় সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র হয়েছে।