
সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির পথ খুলে দিতে দীর্ঘমেয়াদি একটি চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সৌদি আরবে পারমাণবিক অবকাঠামো নির্মাণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ তৈরি হতে পারে। বহু বিলিয়ন ডলারের এই প্রকল্পের লক্ষ্য হলো সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর নেতৃত্ব নিশ্চিত করা এবং এ খাতে বিদেশি প্রতিদ্বন্দ্বীদের প্রভাব সীমিত রাখা।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও প্রযুক্তিগত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পারমাণবিক প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার ঠেকানো সহজ হবে। তাদের মতে, এই কাঠামো সৌদি কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের মধ্যে রাখতে সহায়ক হবে।
তবে বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন কংগ্রেসের একাংশের আইনপ্রণেতারা এ উদ্যোগের বিরোধিতা করেছেন। তাদের আশঙ্কা, এ ধরনের চুক্তি ভবিষ্যতে অঞ্চলজুড়ে পারমাণবিক প্রতিযোগিতা আরও তীব্র করতে পারে।
তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল