
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা উপত্যকায় আবারও প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় মধ্য গাজার আল-জাহরা এলাকায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্র।
মঙ্গলবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যাঞ্চলের আল-জাহরা এলাকায় একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুই ফিলিস্তিনির মৃত্যু হয়। পরে তাদের মরদেহ আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়।
হামলার পর গাড়িটিতে আগুন ধরে গেলে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদেরও দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও গাজা উপত্যকায় সহিংসতা পুরোপুরি থামেনি। ওই সমঝোতার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৬৭ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৭৯৮ জনের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা