
সংসদে বর্তমান ছয়জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও আগামী দিনে সেই সংখ্যা ১৬০-এ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামীতে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবে রূপ দিতে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গড়ে তুলতে এনসিপি গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলটি ধারাবাহিকভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং সদস্য সচিব লাবিব আহমদ।
এনসিপির ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাটে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা সদস্য সচিব লাবিব আহমদের নামও ঘোষণা করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।