
হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর পুরো এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা যাচাই করছে ইরানি কর্তৃপক্ষ।
বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় রাত ২টা ৪৮ মিনিটে ইরানের লারাক দ্বীপে এ হামলার ঘটনা ঘটে।
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ জানায়, হামলার পর দ্বীপজুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার তীব্রতা এবং ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে, তা নিরূপণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
তাসনিমের তথ্য অনুযায়ী, হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও এখনো মূল্যায়ন করা হচ্ছে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে গত ১০ দিনের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে জর্ডানে ইরানের হামলায় অন্তত দুই মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা আহত হয়েছেন। তবে এসব তথ্য এতদিন প্রকাশ করা হয়নি। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ‘নিরাপত্তার স্বার্থে হতাহতের বিষয়টি গোপন রাখা হচ্ছে।’
তথ্যসূত্র: তাসনিম নিউজ, সিএনএন