
ভারতের শিক্ষাব্যবস্থা ও প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে শুধু অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া নয়, বরং সরকার থেকেই বরখাস্ত করতে হবে।
শনিবার (২৫ জুলাই) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে রাহুল গান্ধী এ দাবি জানান।
আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাহুল বলেন, ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তা শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না। প্রশ্নফাঁস ও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গভীর রাতে দেওয়া ভিডিও বার্তারও সমালোচনা করেন রাহুল। তাঁর বক্তব্য, শিক্ষার্থীরা শুধু ভিডিও বার্তা কিংবা আশ্বাস চায় না, তারা শিক্ষামন্ত্রীকে বরখাস্তের মতো দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতা।
এ সময় জন্তর মন্তরে অনশনে থাকা আইসা নেত্রী নেহা বোরাও উপস্থিত ছিলেন। তিনি জানান, ভারতের শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংকট নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা নিজেদের অবস্থান থেকে সরে আসছেন না বলেও জানান তিনি।