
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতায় পৌঁছালেও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা জানিয়েছে ভারত। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের নতুন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বক্তব্য দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সম্প্রতি ভারতে দুজন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভারতবিরোধী অবস্থান নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে ভারতের অবস্থান কী।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের অবহিত করা হয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।’
একই ব্রিফিংয়ে ভারতের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং এ সফরের উদ্দেশ্য সম্পর্কে তাদের কোনো তথ্য রয়েছে কি না।
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের সফর প্রসঙ্গে আমাদের কাছে কোনো তথ্য নেই।’