
সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করলেও আন্দোলন থেমে থাকবে না বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতারা বলেছেন, এই আন্দোলন এখন আর কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দেশের তরুণদের আন্দোলনে পরিণত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিল্লির যন্তর-মন্তরের মূল মঞ্চে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ ঘোষণা দেন। এ সময় আন্দোলনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান দলের নেতারা।
অভিজিৎ দীপকে বলেন, ‘নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে সোনম স্যার গোটা দেশকে জাগিয়ে তুলেছেন। দেশের জন্য তার এই আত্মত্যাগের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু তাঁর অনশন শেষ হলেও যন্তর-মন্তরের আন্দোলন চলবে।’
তিনি আরও বলেন, ‘এটি আর শুধু একজন ব্যক্তি বা সিজেপির আন্দোলন নয়, এটি এখন দেশের তরুণদের আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’
এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনটি আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি অনশন প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং ‘অ্যাপেক্স বডি অব লেহ-লাদাখ’-এর নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন।
ওয়াংচুক বলেন, ‘দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করে আমি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’