
সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।
সোমবার (২৭ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের উস্কানিমূলক হামলা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে’।
বিবৃতিতে পাকিস্তান সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দেশটির শান্তি ও সমৃদ্ধির প্রতি নিজেদের ‘অবিচল সমর্থন’ পুনর্ব্যক্ত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরবের পাশে থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে ইসলামাবাদ।