
মধ্যপ্রাচ্যে সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা থেমে যায়নি বলে দাবি করেছে পাকিস্তান। দুই দেশকে আবারও আলোচনার টেবিলে সক্রিয়ভাবে ফিরিয়ে আনতে ইসলামাবাদ জোরালো কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (২৯ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি এ তথ্য জানান।
তিনি বলেন, গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আওতায় উভয় পক্ষের মধ্যে সংলাপ অব্যাহত রাখতে পাকিস্তান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাহির আন্দোরাবি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা বন্ধ হয়নি; বরং তা এখনও চলমান রয়েছে।
তিনি আরও জানান, পাকিস্তানের এই মধ্যস্থতা উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো চলমান সংঘাত প্রশমিত করা এবং সংশ্লিষ্ট সমঝোতা অনুযায়ী কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো।