
গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পৃথক এসব হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে চলমান সংঘাতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৫ জনে পৌঁছেছে, আর আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৫২ জন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাবু লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হন এবং কয়েকজন আহত হন। আহতদের আল-আকসা শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় বুরেইজ পৌরসভার বিপরীতে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক শিশু নিহত হয়। এ হামলায় কয়েকজন আহত হয়েছেন। তাদেরও চিকিৎসার জন্য আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-রিমাল এলাকায় আল-মামুনিয়া স্কুলের কাছে একটি আবাসিক ফ্ল্যাটে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭৩ হাজার ৩৩৫ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৫২ জন।