
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে যাচ্ছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। শুক্রবার সৌদি আরবে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে তিন দেশ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে।
সরকারি সফরে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। অন্যদিকে, ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে শুক্রবার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর সৌদি সফরের অন্যতম লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি, কূটনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত করা এবং বিভিন্ন বিরোধের শান্তিপূর্ণ সমাধানে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার বিষয়টিও সফরের গুরুত্বপূর্ণ অংশ।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় চলতি বছরের এপ্রিলে সৌদি আরবে যুদ্ধবিমান ও সামরিক সদস্য মোতায়েন করে পাকিস্তান।
দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক বজায় রেখে আসছে পাকিস্তান। অন্যদিকে, পাকিস্তান অর্থনৈতিক সংকটে পড়লে সৌদি আরবও বিভিন্ন সময়ে দেশটিকে আর্থিক সহায়তা দিয়ে এসেছে।