
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যে একটি ‘নতুন আঞ্চলিক ব্যবস্থা’ গড়ে উঠেছে। এর ফলে এ অঞ্চলে বিদেশি পরাশক্তিগুলোর প্রভাব দ্রুত কমে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) জ্যেষ্ঠ কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি তাঁদের আত্মত্যাগ ও ‘পবিত্র রক্তের’ ফল।
২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলেইমানি ও আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।
গালিবাফ আরও বলেন, নতুন এই আঞ্চলিক বাস্তবতায় দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে আসছে। একই সঙ্গে ইসরাইলের ‘নদী থেকে সাগর পর্যন্ত’ আধিপত্য বিস্তারের পরিকল্পনাও এখন বাস্তবতার বদলে ‘অলীক কল্পনায়’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আল-জাজিরা