
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানির ক্ষেত্রে ইরাককে বিশেষ বিবেচনা বা সুবিধা দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকি পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে ইরাকি বার্তা সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরাকের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার বিষয়টি তুলে ধরে হাইবাত আল-হালবুসি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিতে ইরাক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এমন পরিস্থিতিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যা ইরাকের অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সহায়তা করবে।
ইরাকি স্পিকারের এই আহ্বানের পরিপ্রেক্ষিতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে ইরাকের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী তেহরান।
একই সঙ্গে দুই দেশের মধ্যে আগে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ওপরও জোর দেন গালিবাফ।
সূত্র: আল-জাজিরা