
সাভারে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকারে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।