
পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেরুর আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশে। কোরাকোরা শহরের প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে ছিল এর কেন্দ্র। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।
রাজধানী লিমাসহ পেরুর বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তবে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভূ-বিজ্ঞানীদের মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তুলনামূলকভাবে গভীরে হওয়ায় এর শক্তির বড় একটি অংশ ভূগর্ভেই শোষিত হয়েছে। ফলে ভূপৃষ্ঠে কম্পনের প্রভাব তুলনামূলকভাবে কম পড়েছে।
সাম্প্রতিক সময়ে পেরুর উত্তর ও দক্ষিণাঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়ার পরিকল্পনা পর্যালোচনা এবং প্রয়োজনীয় জরুরি সামগ্রী প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছিল।