
পাকিস্তানের দুই প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে চালানো এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সামা টিভি।
প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু এবং বেলুচিস্তানের খুজদার জেলায় অভিযানগুলো পরিচালিত হয়। দুই প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
নিরাপত্তা সূত্র জানায়, বান্নুতে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে দুই ‘সন্ত্রাসী’ নিহত হন। অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী তাদের অবস্থান ও গতিবিধি শনাক্ত করার পর দ্রুত অভিযান চালায়। এ সময় ‘সন্ত্রাসীদের’ ব্যবহৃত একটি আস্তানাও ধ্বংস করা হয়।
এ ছাড়া বেলুচিস্তানের খুজদার জেলায় ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। নিরাপত্তা সূত্রের দাবি, ওই অভিযানে আরও চার ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।