
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে তাকে যুক্তরাষ্ট্রের একটি আটককেন্দ্রে দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত ৩০ আগস্ট ছবিগুলো প্রকাশ করা হলেও জানা গেছে, এগুলো গত জুনে তোলা।
এর আগে জানুয়ারিতে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়। মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
স্প্যানিশ ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে মাদুরো লিখেছেন, ‘আমার সব নাতি-নাতনিদের, ছেলে-মেয়েদের এবং যারা আমাদের ভালোবাসেন সেই সব ভালো মানুষকে একটি ছোট উপহার হিসেবে আমি এই ছবিগুলো পাঠাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি চাই আপনারা জানুন যে আমরা দৃঢ় আছি, আমাদের হৃদয় আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ।’
মাদুরো বলেন, ‘আমরা শক্ত, শান্ত এবং আত্মবিশ্বাসী থাকব: ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর ব্যবস্থা করবেন। ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।’
যুক্তরাষ্ট্রে আটকের পর মাদুরোর প্রথম ছবি হিসেবে বিবেচিত দুটি ছবিতে তাকে ধূসর ট্র্যাকস্যুট পরা অবস্থায় দেখা যায়। দুই হাত তুলে তিনি ভি-চিহ্ন দেখাচ্ছেন। আটকের পর থেকে তার ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও মনে হচ্ছে।
ছবিগুলো রোববার প্রকাশ করা হয়। তবে উভয় ছবির টাইমস্ট্যাম্প অনুযায়ী, সেগুলো ২৫ জুন তোলা হয়েছিল।
ছবিগুলো সত্যিই আসল কি না এবং এগুলো প্রকাশের অনুমতি দেওয়া হয়েছিল কি না, তা জানতে সংবাদ সংস্থা এএফপি আটককেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলায় তেলক্ষেত্র পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পর মাদুরোর এই বার্তা প্রকাশ করা হয়।