
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পালটাপালটি হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে।
সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে পালটা হামলা চালায়। দুই দেশের এই পালটাপালটি হামলার পর আন্তর্জাতিক তেলের বাজারে আবারও উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আবারও নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়ার আশঙ্কা রয়েছে।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, পরিস্থিতি আবারও উত্তেজনা বাড়ার পর্যায়ে প্রবেশ করেছে। এই উত্তেজনা কতদিন চলবে, তা নিশ্চিত করে বলা কঠিন। এটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।