
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনী এ হামলা চালায় বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এবারই প্রথম ইরানের জাহাজে সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেলবাহী জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হলেও সরাসরি হামলার ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতি অনুমোদন করেছেন। সেই নীতির আওতায় ইরানের তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।
এই নীতির অর্থ হলো, ইরান কোনো ট্যাংকারে হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ট্যাংকারকে লক্ষ্যবস্তু করবে।
জানা গেছে, হামলার শিকার দুটি ট্যাংকার ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনীর নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। এ সময় জাহাজ দুটির ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ট্যাংকারগুলোর ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে ইরান যাতে রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, সে লক্ষ্যেও যুক্তরাষ্ট্র বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনটির দাবি, ইরানের তেলবাহী ট্যাংকারে হামলাও ওই বৃহত্তর পরিকল্পনারই অংশ।