ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিযানে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান ট্রাম্প। সেখানে হুথিদের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা চায় আমরা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিই।’
হুথিদের এই অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহের সৌদির একমাত্র পথটি আপাতত বন্ধ হয়ে গেছে।
সৌদির তেল পাইপলাইনে হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এ হামলার পেছনে ইরান জড়িত থাকতে পারে।
সৌদি আরবের একটি সূত্র জানিয়েছে, তাদের পাইপলাইনে হামলা হয়েছে ইরাক থেকে। এ ঘটনার পর ইরাক এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে এবং হামলার তদন্তের আশ্বাস দিয়েছে। পরে ইরান সীমান্তবর্তী একটি প্রদেশে ড্রোন উৎক্ষেপণযন্ত্র খুঁজে পাওয়ার দাবি করেছে ইরাক। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, মোখা দখলের লক্ষ্যে গত সপ্তাহে অভিযান শুরু করে হুথি বিদ্রোহীরা। শুক্রবার তাদের যোদ্ধারা সেখানে পৌঁছালে ওই এলাকায় অবস্থানরত সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা সরে যান।