
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।
ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স (ডিএইচকিউ) হাসপাতালের চিকিৎসক তাহির আলী শাহ জিও নিউজকে জানান, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, জুমার নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। এতে মসজিদের বাইরের অংশে বড় গর্তের সৃষ্টি হয়।
বিস্ফোরণের পর পুলিশ লাইনস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় একটি দেয়ালও ধসে পড়ে।
ঘটনার পর কর্তৃপক্ষ কোহাট-হাঙ্গু সড়কটি সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন।