
দক্ষিণ নাইজেরিয়ায় মিথানলযুক্ত বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওন্দো রাজ্যের ওদিগবো ও আইরেলে স্থানীয় সরকার এলাকায় এ বিষক্রিয়ার ঘটনা ঘটে। এতে মোট ১৮২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের অনেকের কিডনি অকেজো হয়ে গেছে, দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়ভাবে তৈরি উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’-এর সঙ্গে বিষাক্ত মিথানল মেশানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে উৎপাদনকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার গ্রামীণ এলাকাগুলোতে কম দাম ও দুর্বল নিয়ন্ত্রণের কারণে স্থানীয়ভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। এ ধরনের ঝুঁকি কমাতে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংস্থা শিশুদের নাগালের বাইরে রাখতে প্লাস্টিকের পাত্রে মদ বিক্রি নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস