
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও দেশটির প্রতিনিধিদলের অংশগ্রহণ নিশ্চিত করতেই ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।
এএফপিকে তিনি বলেন, “আয়োজক দেশ হিসেবে আমাদের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে, ইরানি সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবে।”
তবে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আসা অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধিদলকে অতিরিক্ত কিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কেবল সীমিতসংখ্যক ইরানি প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তাদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কঠোর ভ্রমণ বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং দুই দেশের কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। তবে মার্কিন প্রশাসন তাকে ভিসা দেয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, আব্বাস তাঁর বক্তব্যের ভিডিও পাঠালে তা অধিবেশনে প্রচার করা হবে।
সূত্র: এএফপি