
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি পুলিশ কমপ্লেক্সে বোমা হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
শুক্রবার বিকেলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত শহরের ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে হামলা চালানো হয়। জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এই পুলিশ কমপ্লেক্সে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি), স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যালয় রয়েছে।
হামলার পর ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হয়। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও সশস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। আহতদের বড় একটি অংশ পুলিশ সদস্য। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের বসবাস কোহাত শহরটি খাইবার পাখতুনখাওয়ার একটি গুরুত্বপূর্ণ এলাকা। হামলার পর পুলিশ কমপ্লেক্স ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ নামে একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী। সংগঠনটি পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে।