-6a490330008d5-6aada916b0f94.webp)
সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় আবারও ‘সম্ভাব্য বিপদ’-এর সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আগের সতর্কতা প্রত্যাহারের কয়েক মিনিটের মধ্যেই নতুন করে এ সতর্কতা দেওয়া হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সতর্কতার আওতায় রয়েছে জাজান ও আবহা অঞ্চল। এর পাশাপাশি খামিস মুশাইত, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু গভর্নরেটেও সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন সতর্কবার্তায় সম্ভাব্য বিপদের ধরন বা উৎস সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা নতুন করে বেড়েছে। এর মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় একের পর এক ‘সম্ভাব্য বিপদ’-এর সতর্কতা জারি করা হচ্ছে।
গত কয়েক দিনেও জেদ্দা, তায়েফ, আবহা, জাজান ও ইয়ানবুসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। তবে এসব সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট হামলা বা হুমকির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।