
ঢাকার সঙ্গে সম্পর্ককে আরও ইতিবাচক ও গঠনমূলক পথে এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে দুই দেশের মধ্যে থাকা বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমেই আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তুতির কথা জানিয়েছে ভারত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান গতিপথ নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখার কথা বলে আসছে। দুই দেশের মধ্যকার সব দ্বিপক্ষীয় বিষয় বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় আলোচনা করতে ভারত প্রস্তুত বলেও জানান তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের সম্ভাবনা নিয়েও জানতে চাওয়া হয়। জবাবে জয়সওয়াল বলেন, এ ধরনের কোনো বৈঠক হবে কি না, সে বিষয়ে এই মুহূর্তে তাঁর কাছে কোনো তথ্য নেই।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জয়শঙ্কর। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।
এদিকে চলতি মাসে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগও অব্যাহত রয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের সঙ্গে বৈঠক করেন। সেখানে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
দুই দেশের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক কূটনৈতিক যোগাযোগের মধ্যেই ভারতের পক্ষ থেকে নতুন করে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের বার্তা এলো।